বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকে রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুর ঢাকার প্রবেশ মুখে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
সকাল ছয়টা থেকে উত্তরা প্রবেশ মুখে আশপাশের থানা ওয়ার্ড থেকে কর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় উত্তরা বিভিন্ন এলাকায় শোডাউন করেন নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, বিএনপির সমাবেশকে ঘিরে উত্তরার আশপাশের এলাকার বিএনপি কিংবা তাদের অঙ্গসংগঠন তৎপরতা রুখতেই এই সতর্ক অবস্থান নিয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যনির্বাহী সাবেক সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আফসার উদ্দিন খান দেশ রূপান্তরকে বলেন, শেখ হাসিনার নেতৃত্বের পথ মসৃণ রাখতে নেতাকর্মী রাজপথে থাকবে। বিজয়ের মাসে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি, জামায়াতসহ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা উত্তরা ও এর আশপাশে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি যাতে করতে না পারে, সে জন্য উত্তর আওয়ামী লীগ সতর্ক অবস্থানে আছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, বিগত সময় উত্তরা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত থাকলে বর্তমানে প্রেক্ষাপট একেবারে ভিন্ন। এই উত্তরাতেই বিএনপির বড় বড় নেতাদের বসবাস।
‘ঢাকাসহ উওরাটাকে অস্থিতিশীল করার জন্য বিএনপি নেতাকর্মী চেষ্টা করছে যা প্রশাসন ও আমাদের নেতা কর্মী তা রুখে দিয়েছে। বিজয়ের মাসে বিএনপি, জামায়াতসহ সব প্রকার অপশক্তি রুখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।’
