সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আধ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড নামের কারখানার পাঁচ শতাধিক শ্রমিক।
দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ধীরে ধীরে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলেও কারখানার ভেতরে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখে।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুস সালাম বলেন, ১২টার দিকে শ্রমিকরা রাস্তায় নামায় কিছু সময় যানবাহন আটকে ছিল। প্রায় ৩০ মিনিট পর পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এখন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড কারখানায় প্রায় ১৮’শ শ্রমিক কাজ করে আসলেও প্রতিমাসেই মালিকপক্ষ শ্রমিকদের বেতন প্রদানের সময় গড়িমসি করে সময়ক্ষেপণ করে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসের বেতন এখনও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। বেশ কয়েকবার বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষকে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় আজ দুপুরে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ বিষয়ে জানতে গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, গত নভেম্বর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা দুপুরে আন্দোলনে নেমে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিলে শ্রমিকরা কারখানার ভেতরে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা এখানও কারখানার ভেতরে অবস্থান করছে।
তবে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
