‘আর্জেন্টিনাকে বিশ্বকাপটা দিয়ে দিতে পারে চাইলে’

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:০৮ এএম

পর্তুগাল ও মরক্কো ম্যাচে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে অশ্রুসিক্ত চোখে টানেলের দিকে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের একপ্রান্তে দেখা গেছে পর্তুগিজ খেলোয়াড়দের হতাশা; আরেকদিকে প্রথমবার সেমিফাইনালে ওঠার আনন্দে মাতোয়ারা মরক্কো। রোনালদোর সঙ্গে ৩৯ বছরের পেপেও কাতার বিশ্বকাপ রাঙাতে চেয়েছিলেন। সেটি হয়নি। অবশ্য ম্যাচের পর রেফারিকে নিয়ে ক্ষোভ ঝেড়েছেন পেপে। আর্জেন্টাইন রেফারিকে এই ম্যাচের দায়িত্ব দেওয়া মানতে পারছেন না পেপে।

পেপে বলেন, ‘আমরা একটি গোল খেয়েছি, যা প্রত্যাশিত ছিল না। তবে আগের রাতে যা হয়েছে এরপর এই ম্যাচে আর্জেন্টাইন রেফারিকে দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়। আমি যা দেখলাম তার প্রেক্ষিতে বলতে পারি, বিশ্বকাপটা তারা এখন চাইলে আর্জেন্টিনাকে দিয়ে দিতে পারে। আমি এটা এখন বলতেই পারি।’ নির্ধারিত সময়ের পর মাত্র ৮ মিনিট যোগ করা নিয়েও ক্ষোভ জানান পেপে। তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে কিছু দেওয়া হলো না। মাত্র ৮ মিনিট অতিরিক্ত সময়। দ্বিতীয়ার্ধে শুধু আমরাই খেলার চেষ্টা করেছি। আমরা হতাশ। আমাদের জেতার মতো সামর্থ্য ছিল, তবে আমরা পারিনি।’

ব্রুনো ফার্নান্দেজও রেফারি নিয়ে সমালোচনা করেন। ‘এটি অদ্ভুত যে আমাদের ম্যাচে এমন এক রেফারি ছিলেন যার দেশ এখনো বিশ্বকাপে আছে। আমি কোনো পর্তুগিজ রেফারিকে দেখলাম না। তারা যদি চ্যাম্পিয়নস লিগের জন্য ভালো রেফারি হয়ে থাকে এখানের জন্যও তারা যোগ্য।’ ম্যাচে থাকা রেফারিরা বিশ্বকাপ পরিচালনার জন্য যোগ্য নন বলেও মনে করেন ব্রুনো। ‘তারা চ্যাম্পিয়ন্স লিগের নন, তারা এই ধরনের খেলায় অভ্যস্ত নন। এমন ম্যাচের জন্য তাদের গতি নেই। (তারা) পরিষ্কারভাবে আমাদের বিপক্ষে মাঠে নেমেছিল। প্রথমার্ধে আমাকে স্পষ্ট ফাউল করা হয়েছে, যেটা ছিল পেনাল্টি।’

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন আর্জেন্টাইন খেলোয়াড় এবং সমর্থকরা। সেই ম্যাচে ১৮টি কার্ড দেখান স্প্যানিশ রেফারি লাহোস। মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ প্রকাশ্যে রেফারির সমালোচনা করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত