জনভোগান্তি কমাতে অনলাইনে ভূমির নামজারি বা ই-নামজারি চালু করেছে সরকার। সেখানেও সময়ক্ষেপণ করায় ব্যাখ্যা জানতে চেয়ে ৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, ই-নামজারি আবেদন ২৮ দিনের মধ্যে নিষ্পন্ন করার বিধান থাকলেও ৪ ডিসেম্বর ই-মিউটেশন মনিটরিং ড্যাশবোর্ড পর্যালোচনায় দেখা যায়, ই-নামজারি মামলার গড় নিষ্পত্তির সময় ২৮ দিনের বেশি। এমন অবস্থায় ২৮ দিনের বেশি সময় ধরে ই-নামজারি মামলা অনিষ্পন্ন থাকার কারণ জানানোর জন্য সংশ্লিষ্ট ডিসিদের অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদনও চেয়েছে ভূমি মন্ত্রণালয়।
চিঠি সূত্রে দেখা গেছে, নারায়ণগঞ্জের সদর উপজেলায় ই-নামজারি নিষ্পত্তিতে সময় লাগছে ৪০ দিন। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ সার্কেলে ৩৩ দিন, আড়াইহাজারে ৩২ দিন, রূপগঞ্জে ৩৭ দিন, বন্দরে ৩২ দিন এবং সোনারগাঁ উপজেলায় গড়ে ৩২ দিন সময় লেগেছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সালাউদ্দিন মঞ্জু বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’
