বাধ্যতামূলক মান সনদের আওতায় আরও ১০ পণ্য

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:২৮ এএম

ডিসপোজেবল ডায়াপারস, ফেসওয়াশ, পেট্রোলিয়াম জেলি,  রুটি (ফ্ল্যাটব্রেড/টরটিলা), অ্যারোসলস, গিজারসহ নতুন ১০টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল রবিবার তেজগাঁওয়ের বিএসটিআই’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতিনির্ধারণী কাউন্সিলের ৩৭তম সভায় বাধ্যতামূলক মান সনদের তালিকায় ১০টি নতুন পণ্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত বাকি পণ্যের মধ্যে রয়েছে শেভিং ফোম/জেল, আই কেয়ার, হেয়ার ডাইস লিকুইড ও শু-পলিশিং লিকুইড। উল্লেখ্য, বর্তমানে বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্যের সংখ্যা ২২৯টি।

শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এতে সভাপতিত্ব করেন। বিএসটিআই কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআই’র মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব মো. আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। বিএসটিআই’র মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব মো. আবদুস সাত্তারের পরিচালনায় সরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, অভ্যন্তরীণ বাজার এবং রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা এবং মানসম্মত পণ্য উৎপাদনে বিএসটিআইকে সহায়ক ভূমিকা রাখতে হবে। বর্তমান বিশ্বে হালাল পণ্যের সার্টিফিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিএসটিআইকে পণ্যের হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে গুণগত মান ঠিক রেখে এগিয়ে যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত