চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মেট্রোরেলের (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শুরুতে ছয় বগির ট্রেন সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ছুটবে সকাল-বিকেল।
গতকাল সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল এক্সিবিশন ইনফরমেশন সেন্টারে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘উদ্বোধনের তারিখ ঠিক করতে এখনো সরকারের অনুমতি পাওয়া যায়নি। তবে যেকোনো দিন তারিখের ঘোষণা আসতে পারে। দিনক্ষণ চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ডিসেম্বর মাসে উদ্বোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি মাথায় রেখেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে মেট্রোরেল।’
তিনি আরও বলেন, ‘মেট্রোরেলের সবশেষ কাজ হচ্ছে “সিস্টেম ইন্টিগ্রেশন”। এটির কাজও ইতিমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া “সিস্টেম ট্রায়াল” বা “সার্ভিস ট্রায়ালের” কাজ চলছে। আশাকরি কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এটি হলেই আমরা ব্ল্যাঙ্ক অপারেশন করব। তা ছাড়া চলাচলের জন্য ১২টি ট্রেন প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে। বাকি দুটি যেকোনো সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে। ট্রেন দুটি পরিচালনার কর্মকর্তারাও প্রস্তুত থাকবেন। যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, সেদিকটি মাথায় রেখে সব সময় ব্যাকআপ রাখতে হয়।’
মেট্রোরেল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটারের এই পথে মেট্রোরেল সময় নেবে ২০ মিনিট। পূর্ণমাত্রায় চালু হলে এ সময় কমে আসবে ১৬-১৭ মিনিটে। প্রথম সপ্তাহে শুধু সকালে ও বিকেলে চলবে এই ট্রেন। ধীরে ধীরে চলার সময় বাড়বে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের স্টেশন হবে নয়টি। এর ভাড়া প্রতি কিলোমিটার ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০.১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে ডিসেম্বরের শেষের দিকে। এই রুট চালু হওয়ার পর আগারগাঁও থেকে যাত্রী পরিবহনে মেট্রোস্টেশন এলাকায় বিআরটিসির ডিপো তৈরির কাজ চলছে। যাত্রীদের চাপ সামাল দেবে বিআরটিসির বাস সার্ভিস।
