গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। তারা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর থানার মধ্য গোবিন্দপুর এলাকার মৃত আশ্রফ আলীর ছেলে নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা তাইজুদ্দিন (৭৬)। গতকাল সোমবার সকালে তারা মারা যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ নূর ইসলাম ওরফে শেখ চান হোসেনপুর থানার হত্যা মামলায় এবং কাপাসিয়া থানায় হত্যা মামলায় তাইজুদ্দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি ২০০৮ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেখ চান এবং তাইজুদ্দিন কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকাল ৬টার দিকে তারা দুজনই কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
