মদ্রিচের অভিষেক ম্যাচেই প্রথম গোল পান মেসি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩১ পিএম

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। যে ম্যাচটা এক অর্থে দুই ‘এলএমটেন’-এর লড়াই। লিওনেল মেসি বনাম লুকা মদ্রিচ।

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড়। অন্যদিকে মদ্রিচ সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার তো বটেই, ক্রোয়েশিয়ার ইতিহাসেরই অন্যতম সেরা।

এই দুজনের মাঠের খেলায় প্রথম দেখা ষোলো বছর আগে। ২০০৬ সালের ১ মার্চ সুইজারল্যান্ডের বাসিলে অনুষ্ঠিত ম্যাচটিতে মদ্রিচের আন্তর্জাতিক অভিষেক। আর মদ্রিচের সেই অভিষেক ম্যাচটিতেই আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটা করেন মেসি। তার ঠিক আগের বছর যার আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়।

২১ বছর বয়সে ক্রোয়েশিয়া জাতীয় দলে অভিষেক মদ্রিচের। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে শুরুর একাদশে মাঠে নামেন। খেলেন ৮৪ মিনিট পর্যন্ত। আর ওই সময়েই নিজের সামর্থ্যের জানান দেন তিনি।

অন্যদিকে মেসি ওই ম্যাচে শুধু গোলই পাননি। কার্লোস তেভেজকে দিয়ে গোলও করান। এরপরও অবশ্য ম্যাচটা ৩-২ ব্যবধানে জিতে নেয় ক্রোয়েশিয়া।

সেই ম্যাচের ১৬ বছর পর ফের মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছেন মেসি ও মদ্রিচ। এই দুজন জাতীয় দলে থাকা অবস্থায় এনিয়ে চতুর্থবার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

২০০৬ সালের ওই ম্যাচের ৮ বছর পর ফের দেখায় দুই দলের। প্রীতি ম্যাচটি আর্জেন্টিনা জিতে ২-১ ব্যবধানে। মেসি তখন আর্জেন্টিনার অধিনায়ক। মদ্রিচ সেই ম্যাচের দলে ছিলেন না।

এরপর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দেখা হয় দুই দলের। গ্রুপ পর্বের সেই ম্যাচ ক্রোয়েশিয়া জিতে নেয় ৩-০ ব্যবধানে। মদ্রিচ দলের দ্বিতীয় গোলটি করেন।

সব মিলিয়ে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া একে অপরের মুখোমুখি হয়েছে পাঁচবার। যেখানে সমানে সমান অবস্থান দুই দলের। দুটি করে জয় পেয়েছে দুই দলই। অন্য ম্যাচটি ড্র হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত