ভর্তির ক্ষেত্রে জন্মনিবন্ধনে নাম বা জন্মসনদের পৃথক নম্বর দিয়ে যেসব শিক্ষার্থী একাধিক আবেদন করেছে তাদের ভর্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের পাঁচটি আবেদন পাওয়া গেছে যারা জন্মনিবন্ধনের নাম এদিক-ওদিক করে, জন্মসনদের নম্বর ভিন্ন করে একাধিক আবেদন করেছে। এগুলো যারা করেছে সবাই ধরা পড়েছে। কারণ, ভর্তির সময় জন্মনিবন্ধন যাচাই করেই ভর্তি করানো হবে। এসব শিক্ষার্থী কোনোভাবেই ভর্তি হতে পারবে না।’
গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জানা যায়, বেসরকারি ২ হাজার ৮৫২টি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির শূন্য থাকা ৯ লাখ ২৫ হাজারের বেশি আসনে ভর্তির জন্য ২ লাখ ৭৪ হাজারের বেশি ভর্তিইচ্ছুক আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ৯১ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
