কুষ্টিয়ায় আবাসিক হোটেল কক্ষে তরুণীর মৃত্যু, প্রেমিক আটক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:৩৭ পিএম

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৯) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় শহরের মজমপুর এলাকার রাতুল আবাসিক হোটেলে ৪র্থ তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সৌরভ সরকার জয় (২৩) নামে ওই তরুণীর প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মৃত তরুণী শয্যা বিশ্বাস খোকসা উপজেলার জানিপুর এলাকার বাসিন্দা উদয় বিশ্বাসের মেয়ে।

ঘটনাস্থল শহরের মজমপুর এলাকার আবাসিক হোটেল রাতুলের ম্যানেজার রিপন বলেন, ‘গত রবিবার বিকেলে স্বামী-স্ত্রী পরিচয়ে টাঙ্গাইলের সৌরভ ও শয্যা হোটেলের ৪র্থ তলার ২৯নং কক্ষে ওঠেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় গুরুতর অসুস্থ ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান সৌরভ’।

পারিবারিক সূত্রে নিহতের বড় ভাই মিঠুন বিশ্বাস বলেন, ‘গত শনিবার সকালে পড়তে যাওয়ার কথা বলে শয্যা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। লোকলজ্জার ভয়ে বিষয়টি পুলিশকেও জানানো হয়নি।

মঙ্গলবার রাতে কুষ্টিয়া মডেল থানার পুলিশের মাধ্যমে ঘটনাটি জানতে পারি যে শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

‘শনিবার বাড়ি থেকে বের হওয়ার সময় শয্যা সম্পূর্ণরূপে সুস্থ-স্বাভাবিক ছিল। হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে ওর মৃত্যু হলো? এটা একটা হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়’ বলে দাবি করলেন নিহতের বড় ভাই।

লাশ উদ্ধারকারী কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক অভীক বড়ালের প্রস্তুতকৃত সুরতহাল সূত্রে জানা যায়, নিহতের শরীরে বাহ্যিকভাবে দৃশ্যত কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার উপপুলিশ পরিদর্শক অভীক বড়াল জানান, ‘একমাত্র ভিসেরা রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো প্রকার রাসায়নিক বিষক্রিয়ায় এই ধরনের মৃত্যু ঘটতে পারে’।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হাসান বলেন, ‘মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে শয্যা বিশ্বাস নামে এক তরুণীকে জরুরি বিভাগে নিয়ে আসলে ওই রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল এবং মুখে ফেনা উঠছিল। তাৎক্ষণিক ওই রোগীর প্রয়োজনীয় চিকিৎসাসহ অক্সিজেন দেয়া হয়। রোগী অচেতন থাকায় কোন কথা বলতে পারেনি এবং রোগীর সাথে আসা ব্যক্তিও অসুস্থতার প্রকৃত কারণ বলেনি’।

খোকসা থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ‘শয্যা নামে বিবাহিত ওই তরুণী তার ২য় স্বামী সৌরভের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রায়ই তারা একসাথে বাইরে ঘুরতে যেতেন। গত শনিবার বাড়িতে কাউকে কিছু না বলেই বেরিয়ে যান শয্যা, তবে বিষয়টি পুলিশকে কিছুই জানায়নি তার পরিবার’।

কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। যেহেতু এটি একটি অস্বাভাবিক মৃত্যু সে কারণে আইনানুযায়ী হত্যা মামলা রেকর্ড করা হবে। এ ঘটনায় নিহত ওই তরুণীর সঙ্গে থাকা যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত