কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডাচদের হারানোর পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলছিলেন লিওনেল মেসি। সাক্ষাৎকার শুরুর আগে ডান দিকে শীতল চোখে তাকিয়ে কারও প্রতি চিৎকার দিয়ে মেসি বলে ওঠেন, ‘এদিকে তাকিয়ে আছ কেন, নির্বোধ? ওদিকে যাও।’ মেসি পরে জানান, ডাচদের ১৯ নম্বর জার্সি পরা ভেগহোর্স্ট নাকি মাঠে আজেবাজে কথা বলেছেন। সে জন্যই ওই ধমক।
তবে মজার ব্যাপার হলো এসব নিয়ে যখন গোটা পৃথিবীতে আলোচনা চলছে, তখন ব্যবসায়ীরা এই পরিস্থিতির সদ্ব্যবহার করতে ছাড়েননি। মগে, টি–শার্ট ও ক্যাপে মেসির সেই উক্তি ছাপিয়ে আর্জেন্টিনার বাজারে ছাড়া হয়েছে। মেসির এই মন্তব্য তার দেশের মানুষ লুফে নিয়েছে।
আর্জেন্টিনায় মগ, টি–শার্ট এবং অন্যান্য ব্যবহার্য জিনিসে মেসির এই কথা এখন শোভা পাচ্ছে। মগ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ পেসোয় (৯ ডলার), টি–শার্ট ২ হাজার ৯০০ পেসোয় এবং ক্যাপ ৩ হাজার ৯০০ পেসোয় বিক্রি হচ্ছে।
আর্জেন্টিনায় কাপড়ের ডিজাইনার টনি মরফেস এ বিষয়ে কথা বলেছেন সংবাদ সংস্থা এএফপির সঙ্গে, ‘আমরা যত দ্রুত সম্ভব টি–শার্ট বানিয়েছি। কারণ, কথাটা ভাইরাল হয়ে গিয়েছিল। মেসি এমনিতে শান্ত, তবে লোকে তাকে ডিয়েগো ম্যারাডোনার মেজাজেও দেখতে চায়।’
