বিজয় উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৪:১৭ এএম

৫১তম বিজয় দিবস উদযাপনে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আগামীকাল ১৬ ডিসেম্বর শুক্রবার স্বাধীনতা সংগ্রামে প্রাণ দেওয়া অকুতোভয় বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে পুরো জাতি। যার অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন লাখো মানুষ। শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির বীর সন্তানদের স্মরণ করতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উদযাপন উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দিবসটি পালনে সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধ এলাকাটি গণপূর্তের কয়েকশ কর্মীর নিরলস পরিশ্রমে পেয়েছে নতুন রূপ। রং-তুলির আঁচড়ে নতুন সাজ আর আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ধুয়েমুছে চকচকে করা হয়েছে স্মৃতিসৌধ চত্বরের প্রতিটি স্থাপনা। স্মৃতিসৌধ চত্বরের চারপাশের টবে শোভা পাচ্ছে নানা ধরনের রঙিন ফুল আর পাতা বাহারের গাছ। এখন শুধু শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর অপেক্ষা।

১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবে তিন বাহিনীর কুচকাওয়াজ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিদায়ের পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধের ফটক। লাখো মানুষের সমাগম হবে স্মৃতিসৌধ চত্বরে। তাই আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘœ করতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক এবং স্মৃতিসৌধ চত্বরের চারপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত