দেশে এখন ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে: অর্থমন্ত্রী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৮:৩১ এএম

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশের এ রিজার্ভ তুলনামূলক অনেক বেশি বলে মনে করেন তিনি।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যখন ২০০৯ সালে ক্ষমতায় আসি তখন রিজার্ভের পরিমাণ ছিল সাত বিলিয়ন ডলার। সাত বিলিয়ন ডলার থেকে আমরা সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করি। আজ বিশ্বে যে সংঘাত, সে কারণে আমাদের বর্তমান রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটাও তুলনামূলক অনেক বেশি।

তিনি আরও বলেন, ২০০৮ সালে আমরা ছিলাম ৬০তম অর্থনীতির দেশ, আজ আমরা বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ। এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সবার প্রচেষ্টায়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হাসেম খান, জসিম উদ্দিন চৌধুরী, গোলাম সারোয়ার, ইলিয়াস মিয়া, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম রতন, পার্থ সারথি দত্ত, সাইফ উদ্দিন পাপ্পু।

আলোচনা সভার আগে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত