চীনে ২০২৩ সালে কভিডে ১০ লাখেরও বেশি মৃত্যুর আশঙ্কা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০২:১৮ এএম

চীনে একযোগে সব করোনাবিধি উঠিয়ে নেওয়ায় ২০২৩ সালে কভিডে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন ইনস্টিটিউট (আইএইচএমই)।

সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার মুরে জানিয়েছেন, তাদের ধারণা, এপ্রিলে সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। এ ছাড়া ওই সময়ের মধ্যে ৩ লাখ ২২ হাজার মানুষ মারা যাওয়া এবং চীনের চার ভাগের তিন ভাগ মানুষ করোনায় সংক্রমিত হতে পারে।

তবে ৭ ডিসেম্বর কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়ে চীনে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ৩ ডিসেম্বর প্রাণঘাতী এ ভাইরাসে একজন মারা যাওয়ার কথা জানিয়েছিল দেশটি। করোনায় এ পর্যন্ত চীনে ৫ হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বিধিনিষেধে শিথিলতা আনার পর সংক্রমণের পরিমাণ হু হু করে বাড়ছে। সামনের বছরের জানুয়ারিতে চীনের নববর্ষ পালন করা হবে। সে সময় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

 আইএইচএমইর পরিচালক বলেন, ‘কঠোর নীতির কারণে হয়তো প্রথম দিকে করোনার যেসব ধরন ছিল, সেগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছিল তারা। কিন্তু উচ্চ সংক্রমণযোগ্য নতুন ধরন ওমিক্রন এ নিয়ন্ত্রণের বিষয়টি কঠিন করে দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত