পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০২:৩৭ এএম

পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের বাগানের কলা ও শিমগাছ কেটে ফেলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে থানায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় বাড়িতে অবস্থানরত নারীরা এগিয়ে গেলে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ তাদের ওপরও হামলা চালানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচ শতাধিক কলাগাছ ও এক বিঘা জমির শিমবাগান ধ্বংস করা হয়।

গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো গ্রামে সুনসান নীরবতা। গ্রামের মানুষ জটলা ধরে হামলার বিষয় নিয়ে বলাবলি করছে। শত শত ফলন্ত কলার গাছ মাটিতে পড়ে আছে। সাংবাদিকদের দেখে সন্ত্রাসী হামলার বর্ণনা দেন ক্ষতিগ্রস্ত পরিবারের নারীরা। ক্ষতিগ্রস্ত কৃষক ফারুক হোসেনের স্ত্রী সেলিনা খাতুন বলেন, আমার স্বামীর সঙ্গে একই এলাকার মিজানুর রহমান মজনুর জমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে পাবনা আদালতে মামলা চলছে দীর্ঘদিন ধরে। প্রায়ই মজনু আমাদের জমি দখলে নেওয়ার চেষ্টা করে। বুধবার (গতকাল) দুপুরে হঠাৎ করেই মজনুর নেতৃত্বে তার ভাই ফজলুর রহমান ফজলু, আজিজুর রহমান আরজু, চাচাতো ভাই জাহাঙ্গীর সরদার ও ভাতিজা রাসেলসহ ২০-২৫ জন সন্ত্রাসী পিস্তল, রামদা ও হাঁসুয়াসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে তা-ব চালায়। তারা পাঁচ শতাধিক ফলবান কলাগাছ ও প্রায় এক বিঘা জমির ফলবান শিমগাছ কেটে ফেলে। এ সময় পরিবারের সদস্য সেলিনা খাতুন, সাবিহা খাতুন ও রুবিয়া খাতুনকে  মারধর এবং গালিগালাজ করে গলায় রামদা ধরে হত্যার হুমকি দেয়।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত