মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ এএম

রাজধানীর মিরপুরে বাসায় এসি কমপ্রেসর বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছে। নিহত আরিয়ান (১৪) কেরানীগঞ্জের আমিরাবাদ এলাকার রেজাউল করিমের ছেলে। সে মিরপুরের ওই বাসায় থাকত এবং গৃহকর্মীর কাজ করত।

গতকাল বুধবার ভোররাত ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় আরিয়ান। গত শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড় টিনশেড বাড়িতে এই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হাজেরা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন ওই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। একই ঘটনায় শনিবার রাতে মারা গেছেন দগ্ধ হাজেরা বেগম।

হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, তারা নিজেদের টিনশেড বাড়িটিতে থাকেন। তার স্ত্রী গৃহিণী। আরিয়ান তাদের বাসায় ভাড়া থাকে এবং বাসায় গৃহকর্মী কাজ করে। রাতে তিনি অন্য বাসায় ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত