২২৭ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৪:০৩ পিএম

মুমিনুল হক দারুণ এক ইনিংস উপহার দিলেন। চারটি চল্লিশোর্ধ্ব জুটিও হলো। কিন্তু কোনোটিই আর বেশি বড় হলো না। ফলে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল আড়াই শর আগে।

বৃহস্পতিবার শুরু দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তৃতীয় সেশনে ৭৩.৫ ওভারে ২২৭ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

প্রথম সেশনে ২৮ ওভারে ২ উইকেটে ৮২ রান তুলে টাইগাররা। দ্বিতীয় সেশনে ২৯ ওভারে যোগ করে ১০২ রান। তবে এই সময়ে পড়ে ৩ উইকেট। আর শেষ সেশনে ৪৩ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় টাইগাররা।

মুমিনুল হক সর্বোচ্চ ৮৪ রান করেন। তার ১৫৭ বলের ইনিংসে ছিল ১২ চার ও ১ ছক্কা। এছাড়া মুশফিকুর রহিম ২৬, লিটন দাস ২৫, নাজমুল হোসেন শান্ত ২৪ রান করেন।

ভারতের পক্ষে ৪টি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। ২ উইকেট নিয়েছেন এক যুগ পর টেস্ট খেলতে নামা জয়দেব উনাদকাট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত