সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি দলীয় পদ ফেরত পেতে সাধারণ ক্ষমা চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি বরাবরে আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এমপি এ আবেদনটি করেন।
আওয়ামী লীগের সভাপতির বরাবর করা আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘আমি জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। আমার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার একজন মুক্তিযুদ্ধের সংগঠক, জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। আমি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে গত ২০২১ সালের ৭ ডিসেম্বর সেই পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। ভবিষ্যতে আমি এমন কোনো সম্মানহানির কর্মকাণ্ড করব না যার কারণে আপনার বিন্দুমাত্র সম্মানহানি হয়।’
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ডা. মুরাদ হাসান এমপি দেশ রূপান্তরকে বলেন, “দলীয় কার্যালয় থেকে বিভিন্ন সময় দলীয় সিদ্ধান্ত পদ থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের মৌখিকভাবে আবেদন দিতে বলা হয়েছে। আমাকেও দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আমাকে লিখত বা অফিশিয়াল কোনো কাগজ দেওয়া হয় নাই। মৌখিকভাবে আমাকে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাচা বলেছেন। লিখিত আবেদন চেয়েছেন। আবেদন লিখেছি। জামা দেওয়ার জন্য বলেছি। জমা দিয়েছে মনে হয়। জানি না। আর কথা হয় নাই।
উল্লেখ, ডা. মুরাদ হাসান এমপি ও এক তারকার অডিও ফাঁস হওয়ার ঘটনায় মন্ত্রিত্ব ও জামালপুর জেলা আওয়ামী লীগের পদ হারান।
