বাংলাদেশের সুন্দর সকাল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১০:২৮ এএম

ভারতের উদ্বোধনী জুটি দ্রুত ভাঙা যাবে তো? এই প্রশ্ন নিয়েই মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম তার স্পিন ঘূর্ণিতে সকালটা মনের মতো করে দিলেন স্বাগতিক দর্শকদের। তুলে নিলেন সফরকারীদের দুই ওপেনারকেই।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত। ৮ ওভারে ১৯ রান নিয়ে নতুন দিন শুরু করে দলটি। দলীয় ২৭ রানে লোকেশ রাহুল ও ৩৮ রানে শুভমান গিলকে হারিয়েছে তারা। দুজনকেই তাইজুল ফিরিয়েছেন এলবিডব্লিউ করে।

১৪তম ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ১০ রান করে ফিরতে হয় রাহুলকে। আম্পায়ার অবশ্য স্বাগতিকদের আবেদনে সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে সফল হয় টাইগাররা।

এরপর ১৬তম ওভারের প্রথম বলে গিলকে তুলে নেন তাইজুল। অর্থাৎ পর পর দুই ওভারে প্রথম বলে সাফল্য পেয়েছেন তিনি। ৩৯ বলে ২০ রান করেন চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করা গিল।

এই প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ২১ ওভারে ৬০/২। চেতেশ্বর পুজারা ১৮ ও বিরাট কোহলি ১০ রান নিয়ে ব্যাট করছেন।

আগের দিন বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যায়। চট্টগ্রাম টেস্ট জেতায় দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত।

এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত