নন-ফিকশন বইমেলায় সেরা প্রকাশক পুরস্কার পেল ইউপিএল-প্রথমা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৫:৪৫ এএম

নন-ফিকশন বইমেলা ২০২২-এ সেরা প্রকাশকের পুরস্কার পেয়েছে জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও প্রথমা প্রকাশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে ষষ্ঠবারের মতো এ বইমেলার আয়োজন করে। মেলায় অংশ নেওয়া ৪০টি প্রকাশনা ও গবেষণা সংস্থার ২০২২ সালের প্রকাশনার ভিত্তিতে সম্মানিত বিচারক প্যানেল এ দুটি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচন করে। এতে ইউপিএল ‘প্রথম সেরা প্রকাশক’ ও প্রথমা প্রকাশন ‘দ্বিতীয় সেরা প্রকাশক’ পুরস্কার পেয়েছে। গতকাল বুধবার ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ইউপিএলের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। প্রথমা প্রকাশনার পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সমন্বয়ক জাবেদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমএম আকাশ। বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মেলার সহআয়োজক ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত