গোয়েন্দা পুলিশ পরিচয়ে টাকা আত্মসাৎ, আটক ২

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৫:৫৯ এএম

ঢাকার সাভারে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে গত মঙ্গলবার রাতে সাভারের কর্ণপাড়া এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।

আটকরা হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার চরিতাবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে মাহাবুর রহমান ওরফে মিন্টু (২৭) এবং একই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪)। তাদের মধ্যে মিন্টু সাভারের উলাইল কর্ণপাড়া এলাকায় এবং ওমর ফারুক পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকত।

ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই মোহাম্মদ শাহাদাত সঙ্গের ফোর্সসহ সাভার থানা এলাকায় দায়িত্বরত অবস্থায় খবর পান যে রাজু খন্দকার (৩৪) নামে এক ব্যক্তির কাছে ডিবি অফিসার পরিচয় দিয়ে নিলামের মাইক্রোবাস পাইয়ে দেওয়ার নাম করে ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত