যুগপৎ কর্মসূচিতে বিএনপির সঙ্গে নামছে ৩৩ দল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:১৫ এএম

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো। গণমিছিল সফল করতে দফায় দফায় বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় ও ১১-দলীয় জোটের নেতাদের নিয়ে গঠিত লিয়াজোঁ কমিটি।

বিএনপি সূত্র জানায়, দলটি বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রান্তে গণমিছিল করবে। সমমনা দল ও জোটের নেতাকর্মীরাও একই দিন বিভিন্ন সময় গণমিছিল করবে। জোটের বাইরে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী, কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক যুগপৎ কর্মসূচিতে বিএনপির সঙ্গে নামছে ৩৩ দল পার্টি, মোস্তফা মোহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের একাংশসহ মোট ৩৩টি রাজনৈতিক দল যুগপৎভাবে গণমিছিলের কর্মসূচিতে অংশ নেবে। বিএনপির ১০ দফা দাবির ভিত্তিতে এটাই হবে প্রথম যুগপৎ কর্মসূচি পালন।

সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও কর্মসূচি পালনের আগে সমন্বয়ের জন্য বিএনপি সাত সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছে। এর প্রধান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। গত মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির সদস্যরা সদ্য আত্মপ্রকাশ করা ১২-দলীয় জোট এবং ৭-দলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেন গণমিছিল সফল করার প্রস্তুতি নেওয়ার জন্য। গতকাল বুধবার বিকেলে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হয়।

গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ৩০ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হব। সেখানে সমাবেশ শেষে গণমিছিল নিয়ে বের হব।’

বিএনপি গঠিত লিয়াজোঁ কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে গণমিছিল করতে চাই। গণমিছিল থেকে নেতাকর্মীরা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবেন। ওইদিন গণমিছিল শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’ তার আগে কর্মসূচি চূড়ান্ত করতে আগামীকাল (বৃহস্পতিবার) লিয়াজোঁ কমিটির নেতারা বৈঠক করবেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যোগাযোগ নেই সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে কেউ কেউ আমাদের কর্মসূচির সঙ্গে সংগতি রেখে অনুরূপ কর্মসূচি পালন করলে আমাদের আপত্তি নেই।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘যেহেতু বিজয়ের মাস ডিসেম্বর। তাই গণমিছিলে জাতীয় পতাকা, দলীয় প্রতীক ধানের শীষ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন করবেন নেতাকর্মীরা। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা পৃথক ব্যানারে গণমিছিলে অংশ নেবেন।’ 

যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘বিগত বছরগুলো দলের যেসব নেতাকর্মী গুম হয়েছেন, তাদের ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন করবেন নেতাকর্মীরা।’

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ জামায়াতের প্রচার সহকারী আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে গণমিছিল বের করবেন তারা। গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছে জামায়াত।

গণমিছিলের অনুমতি মিলেছে : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেছেন, ‘ঢাকায় ৩০ ডিসেম্বর বিএনপিকে গণমিছিল করার অনুমতি দিয়েছে ডিএমপি। গণমিছিলে সুনির্দিষ্ট কোনো শর্ত দেওয়া হয়নি। তবে তাদের শান্তিপূর্ণভাবে গণমিছিল করতে বলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। বৈঠক শেষে ঘণ্টাখানেক পরে তারা ডিএমপি কার্যালয় থেকে বের হন।

১২-দলীয় জোট গণমিছিল করার লক্ষ্যে গতকাল প্রস্তুতি সভা করেছে বলে জানিয়েছেন জোটের শরিক বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ‘বিজয় নগর পানির ট্যাংকির সামনে থেকে মিছিল শুরু করে মালিবাগ অবধি মিছিল করা হবে।’

মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের একাংশ আজ বৃহস্পতিবার নিজেরা বৈঠক করবেন। বৈঠকে গণমিছিলে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মন্টু।

সরকারবিরোধী রাজনৈতিক দল ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে। দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা যুগপৎভাবে কর্মসূচি পালন না করলেও সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন¦য় করে কর্মসূচি পালন করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত