মেটা কিনল থ্রিডি প্রিন্টেড লেন্স নির্মাণ কোম্পানি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১২:১২ এএম

মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে তার অর্ধেক যাচ্ছে অগমেন্টেড রিয়্যালিটি খাতে, বাকিটা ভার্চুয়াল রিয়্যালিটি খাতে। এ উদ্যোগকে আরও ত্বরান্বিত করতে এবার নেদারল্যান্ডসের কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনে নিয়েছে ফেইসবুকের মূল কোম্পানি মেটা। ডাক্তারের প্রেসক্রিপশনের ভিত্তিতে স্মার্টগ্লাসের জন্য থ্রিডি প্রিন্টেড লেন্স তৈরি করে কোম্পানিটি।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে লাক্সএক্সেল অধিগ্রহণের খবর নিশ্চিত করেছে মেটা। কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর এক বিবৃতিতে বলেন, ‘লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর হবে।’

মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওর্থ ব্লক পোস্টে লিখেছিলেন, মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে তার অর্ধেক যাচ্ছে ‘অগমেন্টেড রিয়্যালিটি (এআর)’ খাতে; আর বাকি অর্ধেক যাচ্ছে ‘ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর)’ খাতে।

লাক্সএক্সেল প্রযুক্তি বাজারে যাত্রা শুরু করেছে ২০০৯ সালে। প্রেসক্রিপশন লেন্সের সঙ্গে ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রোজেক্টর’-এর মতো এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা আছে বলে দাবি করে তারা। ভার্জ লিখেছে, মেটা এআর প্রযুক্তির পেছনে ব্যাপক হারে বিনিয়োগ করলেও শিগগিরই এ প্রযুক্তিনির্ভর নতুন ডিভাইস বাজারে আসার সম্ভাবনা কম। বসওর্থের ভাষ্যে, মেটা তুলনামূলক ‘হালকা, পাতলা এবং দ্রুত গতির’ নিজস্ব এআর ডিভাইস বানাতে চায়, যার নকশার কাজ শেষ করতেই ‘আরও কয়েক বছর’ সময় লাগবে।

মেটার প্রথম প্রজন্মের এআর গ্লাসগুলো হবে শুধু ডেভেলপারদের জন্য। ডিভাইসটির বাণিজ্যিক সংস্করণ বাজারে আসবে আরও কয়েক বছর পর। ধীর গতিতে হলেও নিজের লক্ষ্যের দিকে এগোচ্ছে মেটা। নতুন কোয়েস্ট প্রো হেডসেটে ‘কালার ভিডিও পাসথ্রু’ ফিচার যোগ করেছে তারা। ২০২১ সালে বিলাসবহুল চশমা নির্মাতা রে-ব্যানের সঙ্গে জোট বেঁধে ‘রে-ব্যান স্টোরিজ’ বাজারজাত করেছিল মেটা। একাধিক ক্যামেরা, স্পিকার এবং মাইক্রোফোন ছিল স্মার্টগ্লাসটিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত