বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয় না, সেখানে গণতন্ত্র আছে বলাটা হাস্যকর। তিরি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহন, আওয়ামী লীগ সেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ এবং রাষ্ট্র মেরামতে দেওয়া বিএনপির ২৭ দফা প্রস্তাবের বিষয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেশের কাঠামোকে ভেঙে ফেলেছে, তাই রাষ্ট্র মেরামতের জন্য ২৭ দফা প্রস্তাব করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, সংসদ নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত সব নির্বাচনকে দলীয়করণ করেছে আওয়ামী লীগ, যে কারণে দ্বন্দ্ব-ফ্যাসাদ একেবারে গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে।
