টাঙ্গাইলের বাসাইল উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম পাকুল ওরফে আগুন পাগলাকে গ্রেপ্তার করেছে র্যাব। বাসাইল থানার একটি মামলায় ৩৩ বছর পলাতক থাকার পর গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাকে র্যাব গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শফিকুল ইসলাম পাকুলের বাড়ি বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে।
র্যাব-১৪ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৮৪ সালে বাসাইল থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ১৯৮৯ সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম পাকুল ফেরারি হয়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস করতে থাকেন। একপর্যায়ে মিথ্যা নাম-পরিচয়ে জাতীয় পরিচয়পত্র (গ্রাম-দেলুটিয়া, ডাকঘর-ভাবনদত্ত-১৯৭০, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল) করেন। তিনি বিভিন্ন মাজারে নিজেকে ‘আগুন পাগলা’ হিসেবে পরিচয় দিয়ে ভক্তিমূলক গানে নিয়মিত অংশ নিতেন।
র্যাব জানায়, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাবের একটি দল তথ্যপ্রযুক্তি ও ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম পাকুল নিজের অপরাধ স্বীকার করেছেন। পরে তাকে বাসাইল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
