ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ নেতারা জড়িয়ে ধরলে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সাবেক নেতাকর্মীদের মিলনমেলার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত মানুষ ওঠার কারণে মঞ্চ ভেঙে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করলে আবার বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলব, আমাদের আরও কর্মী দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এত নেতা দরকার নেই। যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এত নেতা কেন?’
মঞ্চ ভেঙে আহত আটজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা হলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, বঙ্গবন্ধু হলের সাবেক ছাত্রলীগ সভাপতি বরিকুল ইসলাম বাঁধন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের নেতা মো. জসিম উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাহী কমিটির সদস্য মো. জাবেদ ও সাবরিনা চৌধুরী।
মঞ্চ ভাঙার বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান দেশ রূপান্তরকে বলেন, ‘মঞ্চ ভাঙায় আমরা অত্যন্ত লজ্জিত। প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি লোক মঞ্চে ওঠায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনা অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত। তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
