পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৪ কোটি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৬:৪৭ এএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা পাওয়া গেল। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী টাকার এ পরিমাণ জানান। এবারই প্রথম মসজিদটির দানবাক্সে টাকার পরিমাণ চার কোটি ছাড়িয়েছে। এর আগে গত বছরের পহেলা অক্টোবর সর্বশেষ মসজিদের দানবাক্স খোলা হয়। তখন ১৫ বস্তায় রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা পাওয়া গিয়েছিল।

তিন মাস ছয়দিন পর গতকাল সকাল পৌনে ৯টার দিকে জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে মসজিদের ৮টি লোহার দানসিন্দুক খুলে ২০ বস্তা টাকা পাওয়া যায়। সঙ্গে পাওয়া গেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। এরপর শুরু হয় টাকা গণনার কাজ। গণনার কাজে অংশ নেন রূপালী ব্যাংকের এজিএম, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা।

কথিত আছে, প্রায় ৫০ বছর আগে পাগলবেশী এক সাধু পুরুষ নরসুন্দা নদীর মাঝখানে পানিতে মাদুর পেতে আশ্রয় নেন। তার মৃত্যুর পর সমাধির পাশে এ মসজিদটি গড়ে ওঠে। সেই থেকে এটি পাগলা মসজিদ নামে পরিচিত। পাগলা মসজিদে দান করলে মনের ইচ্ছাপূরণ হয় এমন বিশ্বাসে মুসলমানসহ অন্যান্য ধর্মের লোকজনও এখানে প্রতিদিন দান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত