কয়েক বছর ধরেই যেন স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন সুরিয়া। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কারও। তাই এই দক্ষিণি তারকার নতুন সিনেমা নিয়ে দর্শক তো বটেই, প্রযোজকদেরও উৎসাহ থাকবে বলাই বাহুল্য। তবে সেটা এতটাই যে মুক্তির আগেই সুরিয়ার নতুন সিনেমার হিন্দি স্বত্ব ১০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। শিবা পরিচালিত ছবিটির শ্যুটিং চলছে এখন। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘সুরিয়া ৪২’। বড় বাজেটের সিনেমাটি নিয়ে অনেক দিন থেকেই দর্শকরা অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে ছবিটির ৬০ শতাংশ শ্যুটিং শেষ হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে শ্যুটিং শেষে চলতি বছরই মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। এবার জানা গেল, ১০০ কোটি রুপিতে বহুল প্রতীক্ষিত সিনেমাটির হিন্দি স্বত্ব কিনেছেন প্রযোজক জয়ন্তলাল গাদা। এ ছাড়া তার প্রযোজনা সংস্থা সিনেমাটির ডিজিটাল, টিভি ও প্রেক্ষাগৃহে পরিবেশকের স্বত্বও কিনেছে। তবে সবই সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্ব। সিনেমায় সুরিয়ার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। চলতি বছর ‘সুরারাই পোতরু’র হিন্দি রিমেক মুক্তি পাওয়ার কথা। এই সিনেমায় অভিনয় করেই গত বছর ভারতের জাতীয় পুরস্কার পান সুরিয়া। তবে হিন্দি রিমেকে তার চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবিটিতে অবশ্য সুরিয়া অতিথি চরিত্রে অভিনয় করবেন।
এদিকে দিশা এখন আলোচিত নতুন প্রেম নিয়ে। বলিউড তারকা টাইগার শ্রফের সঙ্গে প্রেমের বিষয়টি ছিল একপ্রকার ওপেন সিক্রেট। এমনকি বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল একাধিকবার। তবে সেই বন্ধন ছিন্ন করে ফেলেছেন দিশা-টাইগার। অনেক দিন ধরে তারা আলাদা, এমনটাই চর্চা বলিপাড়ায়। এরই মধ্যে টাইগারকে ভুলে নতুন প্রেমে মজেছেন দিশা। এবার এক মডেলের সঙ্গে করছেন হৃদয়ের লেনাদেনা। তার নাম আলেকজান্ডার ইলিক। দুজনে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, এমনকি রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারও করেছেন। সেই ছবি আবার নিজেরাই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যেখানে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ছবি থেকে অনুমান করা যায়, কোনো রেস্তোরাঁয় তারা ক্যান্ডেল লাইট ডিনার সেরেছেন।
