চট্টগ্রামের সেই আবুকে পুলিশে দিল হাইকোর্ট

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:৪২ এএম

স্বর্ণ ‘চোরাকারবারি’ চট্টগ্রামের আবু আহমদকে অর্থ পাচারের মামলায় পুলিশে সোপর্দ করেছে উচ্চ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে হাজির করতে শাহবাগ থানা পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম আবুল হোসেন ও মো. হাবিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিন উদ্দিন মানিক দেশ রূপান্তরকে বলেছেন, ‘হাইকোর্টের পূর্বের দেওয়া আদেশ অনুযায়ী আবু আহমদকে তদবিরকারকেরমাধ্যমে আজ (গতকাল) হাজির করার কথা ছিল। আসামি নিজেই আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হন। আদালত তাকে পুলিশে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে হাজির করতে নির্দেশ দেন।’

ফটিকছড়ির জাফতনগর এলাকার আবু আহমদ প্রসাধনী সামগ্রীর ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালানের সাম্রাজ্য গড়ে তুলে ঢাকা-চট্টগ্রামসহ বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। দেশে-বিদেশে গড়ে তোলেন সম্পদের পাহাড়। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রায় আড়াইশ কোটি টাকা পাচারের প্রমাণ পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২০ সালের ১৮ মার্চ আবু আহমদসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করে সিআইডি। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন থানায় স্বর্ণ চোরাচালান, অর্থ পাচারসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য মতে, গত বছরের ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন আবু আহমদ। হাইকোর্ট তাকে জামিন না দিয়ে তিন সপ্তাহের মধ্যে অধস্তন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ২২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে ওই দিন চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মামলার নথি তলব করে ৫ মে আবেদনটি শুনানির জন্য ধার্য রাখে। নথি না আসায় একাধিকবার জামিন শুনানির জন্য তারিখ ধার্য করে আদালত। গত বছরের ১৩ নভেম্বর জামিন আবেদনের শুনানির দিন আবু আহমদ আবারও সময় আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর আসামি আবু আহমদ হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন। গত ৫ ডিসেম্বর এক আদেশে আদালত ৬ ডিসেম্বর আদেশের জন্য রাখলেও আবু আহমদ হাজির না হওয়ায় তার আইনজীবীরা আবদেনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আবেদন করেন। আদালত আসামিকে গ্রেপ্তার ও তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত