দেবিদ্বারে রাতের আঁধারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৬:৫৫ পিএম

কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন কুমিল্লার উপজেলার গরিব-অসহায় শীতার্ত মানুষ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের ছিন্নমূল মানুষেরা।

গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী।

রোববার গভীর রাতে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতের কম্বল বিতরণ করেন (ইউএনও) ডেজি চক্রবর্তী।

এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল কাদেরসহ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত কয়েক দিনে তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারে মাঝেও কম্বল বিতরণ করেন।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত তহবিল থেকে পাঠানো প্রায় ৭হাজার কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন পয়েন্টে দুস্থ ও অসহায় মানুষের খুঁজে খুঁজে কম্বল পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত