সাংবাদিকদের দুদক কমিশনার

২০২২ সালে দুর্নীতিবাজদের ২৬৩২ কোটি টাকা জরিমানা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৪:০২ এএম

গত এক বছরে দুর্নীতির বিভিন্ন মামলার আসামিদের ২ হাজার ৬৩২ কোটি ৪১ লাখ টাকা জরিমানা ও ১৪ কোটি টাকা সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালতের নির্দেশনায় এসব অর্থ এসেছে। একই সময়ে ৮১৫ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান।

মোজাম্মেল হক খান বলেন, দুর্নীতিবাজদের দুর্নীতির টাকা ভোগ করতে দেওয়া হবে না। দুর্নীতি করলে পার পাওয়া যাবে না। করোনা মহামারীর কারণে দুদকের কর্মকাণ্ড কিছুটা মন্থর মনে হলেও শিগগিরই গ্রেপ্তার অভিযান জোরদার করা হবে। ২০২২ সালে দুর্নীতির দায়ে বিভিন্ন মামলায় দুর্নীতিবাজ আসামিদের ২ হাজার ৬৩২ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে রাষ্ট্রের অনুকূলে আদালতের নির্দেশনায় ১৩ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ১৬৭ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাছাড়া এ সময়ে দুর্নীতিবাজদের ৫৮৫ কোটি ৯২ লাখ ৫৮ হাজার ১৫৬ টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। যার মধ্যে রয়েছে ঢাকা ও ঢাকার বাইরের ১৪৪.২৪৪৫৬ একর জমি, ২৭টি বাড়ি, ১৯টি ফ্ল্যাট, ১১টি গাড়ি ও ৪টি নৌযান। অবরুদ্ধ বা ফ্রিজ হওয়া অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১ হাজার ৪৪৮টি ব্যাংক হিসাব ও ১১টি এফডিআরে ১৪৪ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৭০৬ টাকা, ২৭ হাজার ৯৫৪ ডলার ও ৭৯ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৪৬০ টাকার শেয়ার। মোট অস্থাবর সম্পদের পরিমাণ ২২৪ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ১৬৬ টাকা।

জানা গেছে, ২০১৯ সাল থেকে কমিশনের স্বতন্ত্র ইউনিট হিসেবে সম্পদ ব্যবস্থাপনা ইউনিট যাত্রা শুরু করে। এর আগে ওই ইউনিটের অধীনে ২০২০ সালে আদালতের আদেশে ১৮০ কোটি ১১ লাখ ৯১ হাজার ৭৪৬ টাকার সম্পত্তি ক্রোক করা হয় এবং ১৫২ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা অবরুদ্ধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত