রান নিতে অস্বীকার পান্ডিয়ার, রেগে আগুন কোহলি

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২:৫২ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়েছে ভারত। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হয় ম্যাচটি। বিরাট কোহলি সেঞ্চুরি উপহার দেন ম্যাচ। খেলেন ৮৭ বলে ১১৩ রানের ইনিংস।

কোহলি সেই ইনিংসেই একটা সময় হার্দিক পান্ডিয়ার ওপর বেশ বিরক্ত হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও ভাইরাল হয়েছে।

কি ঘটেছিল তখন? আসলে ব্যাট করার সময়ে দ্বিতীয় রান নিতে অস্বীকার করেছিলেন পান্ডিয়া। যা একেবারেই পছন্দ হয়নি কোহলির। চোখের চাহনিতেই সেটা বুঝিয়ে দেন তিনি। যে মুহূর্তটা ধরা পড়ে যায় ব্রডকাস্টারদের ক্যামেরাতে।

ঘটনাটি ঘটেছে ভারতীয় ইনিংসের ৪৩ তম ওভারে। বল করছিলেন কাসুন রাজিথা। কোহলিকে তিনি একটি লেন্থ বল করেন। অন সাইডে স্কোয়ারের পাশ দিয়ে বলটি ঢেলে দিয়ে জোরে দৌড় শুরু করেন কোহলি।

সিঙ্গেল সহজেই সম্পন্ন করে দ্রুতগতিতে দ্বিতীয় রান নিতে ছোটেন কোহলি। প্রায় মাঝ পিচে পৌঁছেও যান। তবে পান্ডিয়া সাড়া না দেওয়ার তাকে ফিরে আসতে হয়।

কোহলি ডট বল খেলতে সেভাবে পছন্দ করেন না। চার, ছয় হাঁকাতে না পারলেও তিনি সিঙ্গেলস, ডাবলস নিয়েই খেলতে পছন্দ করেন। রানের গতি বাড়ানোই তার মূল লক্ষ্য থাকে। ফলে এ দিন পান্ডিয়া দ্বিতীয় রান না নেওয়ায় বেশ বিরক্ত হন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত