তথ্যমন্ত্রী বললেন

সরকারকে ধাক্কা দিতে গেলে পা ভাঙবে বিএনপির

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৩:৪১ এএম

সরকারকে ধাক্কা দিতে গেলে বিএনপির পা ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দলটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে আর ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না। ১০ ডিসেম্বর বিএনপির কোমর ভেঙেছে, আবার ধাক্কা দেওয়ার চেষ্টা করলে পা ভেঙে যাবে।’ আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক গতকাল বুধবার রাজধানীর মিরপুরে শাহ আলী ঈদগাহ ময়দানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. হাছান বলেন, ‘আজকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে। কদিন আগে আইএমএফ (আন্তর্জাতিক অর্থ তহবিল) রিপোর্ট দিয়েছে বাংলাদেশ বিশ্বে এখন ৩৫তম অর্থনীতি। আমরা যখন ২০০৯ সালে সরকার গঠন করেছিলাম, দেশ ছিল ৬০তম। আমরা গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশকে এবং পাকিস্তানকে বহু আগেই পেছনে ফেলেছি।’

তিনি বলেন, ‘এ উন্নয়ন বিএনপি-খালেদা জিয়া-মির্জা ফখরুল সাহেবদের পছন্দ হয় না। তাই যে সরকার, যে নেত্রী আজকে উন্নয়নের চাকাকে ধাবমান চাকায় পরিণত করে উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সরকারকে তারা ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। তারা ১০ ডিসেম্বর ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ কোনো ধাক্কায় পড়ে যাওয়ার দল নয়, বরং যে ধাক্কা দেয় সেই পড়ে যায়। ১০ তারিখ সেটিই প্রমাণ হয়েছে। ১০ ডিসেম্বর বিএনপি আমাদের ধাক্কা দিতে গিয়ে তারাই পড়ে গিয়ে নয়াপল্টন থেকে গরুর হাটে চলে গেছে, তাই আজকে সুর পাল্টে ফেলেছে।’

সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতে গিয়ে উল্টো বিএনপি বিপদে পড়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে মির্জা আব্বাস তার বক্তব্যে বলেছেন, ‘আমরা কোনো সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাই না।’ অর্থাৎ ধাক্কা দেওয়ার চেষ্টা করে বুঝতে পেরেছে ১০ ডিসেম্বর তাদের কোমর ভেঙে গেছে। সুতরাং এখন লাইনে এসেছে, বলে কি, আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় দেব।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি হিসেবে দলের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত