তালেবান সরকার আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা বন্ধ করে দেওয়ায় গতকাল পুরুষদের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মার্চে আরব আমিরাতে হওয়ার কথা ছিল ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ তিন ম্যাচের সিরিজটি। এমনিতেই অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায় না আফগানিস্তান। এবার সম্ভাবনা জাগলেও সেই পথ এখন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা মানতেই পারছেন না রাশিদ খান। যার রেশ ধরে
আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার বিগ ব্যাশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছেন। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের এই লেগ স্পিনার বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে খেলা যদি অস্ট্রেলিয়ার জন্য এতটাই অস্বস্তিকর হয়, তাহলে বিগ ব্যাশে আমার উপস্থিতির মাধ্যমে কাউকে আমি অস্বস্তিতে ফেলতে চাই না। তাই ওই টুর্নামেন্টে আমার ভবিষ্যৎ নিয়ে আমি কঠোরভাবে চিন্তাভাবনা করব।’
