বৈশ্বিক মহামারী পরিস্থিতি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে তৈরি হওয়া জ¦ালানি সংকট মোকাবিলায় দেশের গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
গতকাল বৃহস্পতিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে ‘প্রকৌশল গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘অন্যান্য দেশের মতো সমানভাবে বাংলাদেশও এনার্জি সংকটের মুখোমুখি হয়েছে। এ সংকট মোকাবিলায় গবেষক ও বিশেষজ্ঞদের বিকল্প সমাধান বের করতে হবে, যা শিল্প উৎপাদনশীলতা বৃদ্ধি করবে।’
ড. মোমেন বলেন, ‘আমি মনে করি এ ধরনের সম্মেলন স্মার্ট বাংলাদেশ তৈরিতে প্রকৌশল ও প্রযুক্তি খাতে অন্যতম ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন, বাংলাদেশকে একটি সোনার বাংলায় রূপান্তরিত করতে এবং উন্নত ও সমৃদ্ধ জাতিতে পরিণত করতে। বাংলাদেশ তার স্বপ্ন থেকে দূরে নয়।’
