গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ৫ শতাংশ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৫:২১ এএম

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে প্রতি উইনিটে ৫  শতাংশ বাড়ানো হয়েছে। সরকারের নির্বাহী আদেশে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন দাম ঘোষণা করে। এই দর চলতি জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ৮ জানুয়ারি বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাতে বিদ্যুৎ বিতরণকারী ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা দাম বাড়ানোর প্রস্তাব উত্থাপন করে। ওই শুনানিতে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে বিইআরসির কারিগরি কমিটি।

তবে গত ৩০ নভেম্বর বিইআরসি অধ্যাদেশ ২০২২ সংশোধনের কারণে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় সরকার। ওই অধ্যাদেশের আওতায় বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিল বিদ্যুৎ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ -এর ধারা ৩৪ক-তে দেওয়া ক্ষমতাবলে সরকার ভর্তুকি সমন্বয়ে জনস্বার্থে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের সরবরাহ করা বিদ্যুতের খুচরা মূল্যহার এবং বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবার জন্য চার্জ/ফি পুনর্নির্ধারণ করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত