ভারত হয়ে দুদিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় পৌঁছানোর কথা থাকলেও সাড়ে ৭টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার এ সফরে র্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আগামীতে যাতে এ ধরনের কোনো পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়টি সতর্কভাবে আলোচনায় তুলবেন সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা। তারা বলছেন, বাইডেন প্রশাসনের নীতিনির্ধারকদের সিরিজ সফরে গুরুত্ব পাচ্ছে ঢাকা। ওয়াশিংটনের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা ক্রমান্বয়েই বাড়ছে, যেটিকে শুধু এক নিষেধাজ্ঞায় ফেলে হিসেব করা ঠিক হবে না।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, যেকোনো সম্পর্কে টানাপড়েন থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সফরকে আমরা পুরো সম্পর্কের অংশ হিসেবে দেখছি। আমরা সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সাময়িক কোনো বিষয় থাকতে পারে বা উদ্বেগ থাকতে পারে। কিন্তু সেটি যেন আমাদের মূল সম্পর্ককে ব্যাহত না করে। প্রকৃতপক্ষে দুই দেশের সম্পর্কের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যে গ্যাপগুলো আছে বা যে উদ্বেগগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করছি।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লুবাখার চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা ও দেশটির পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোল ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসতে পারেন। বছরের শুরুতেই বেশ কয়েকটি সফর হচ্ছে ও সামনে আরও কয়েকটি সফর হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, ডোনাল্ড লু আজ রবিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে হবে সৌজন্য সাক্ষাৎ। এ ছাড়া একটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর। আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তার বৈঠক হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ডোনান্ড লু নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
কূটনৈতিক সূত্র বলছে, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, ব্যবসা-বাণিজ্য বাড়ানো, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি, শ্রম ও মানবাধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নানা পদক্ষেপ, ভিয়েনা সনদ অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়টি তুলে ধরা হবে।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, ডোনাল্ড লু জ¦ালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার, মানবাধিকারসহ নানা ধরনের অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা করবেন। অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, নির্বাচন ও গণতন্ত্র, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আকসা ও জিসোমিয়ার মতো চুক্তিগুলো সই করা, ডিজিটাল নিরাপত্তা আইন এবং প্রস্তাবিত ডেটা সুরক্ষা আইন বিষয়ে তাদের ভিন্নমতের বিষয়গুলো তুলে ধরা হতে পারে।
নৈশভোজ শেষে পররাষ্ট্র ভবন ছাড়লেন লু : যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা পৌঁছে নৈশভোজে অংশ নিতে পররাষ্ট্র ভবনে যান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর পররাষ্ট্র ভবন ছাড়েন লু।
এর আগে গতকাল রাতে শাহজালাল বিমানবন্দরে ডোনাল্ড লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ।
আজ সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার প্রাতরাশ বৈঠকের কথা রয়েছে।
