র্যাব গঠনের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পৃক্ততা ছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘র্যাব যখন তৈরি হয় তখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়। সেই সময়ের পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলো র্যাবের কনসেপ্টটা দেয়। তারাই তৎকালীন সরকারকে এ জন্য ইকুইপমেন্ট দেয়। তাদের কারণেই প্রাথমিকভাবে র্যাব চালু হয়।’
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগের আয়োজিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোমেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কি না সাংবাদিকরা তা জানতে চান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে র্যাব এখন অনেক পরিপক্ব। দেশের জনগণ পারফরম্যান্সের জন্য তাদের চায়। যুক্তরাষ্ট্র অন্যের বুদ্ধিতে তাদের ওপরে প্রেশার দিয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে এ বিষয়গুলো সমাধানের চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘আলোচনা হবে কি না এটা এখনই জানা যাবে না। তবে আমাদের একটা অনুরোধ থাকবে তাদের প্রতি যে তাদের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।’
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক বক্তব্য নিয়ে কোনো অস্বস্তির বিষয় আছে কি না এবং তা সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো অস্বস্তি নেই। আমরা বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেব।’
আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘আওয়ামী লীগ সবসময় একটা স্বচ্ছ নির্বাচন করতে চায়। আওয়ামী লীগ সরকার ব্যালটের মাধ্যমে আসে, বুলেটের মাধ্যমে নয়। আমাদের মৌলিক উদ্দেশ্য হলো আমরা একটি স্বচ্ছ সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ এবং জাপান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘জাপানোলজি ইন নিউ এরা’ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক হাইব্রিড সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। নবাব নওয়াব আলী চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
জাপান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিদেকি হারা, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান ও জাপানের কোবে ইউনিভার্সিটির অধ্যাপক কিচি ওগাওয়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ আল-মামুন স্বাগত বক্তব্য দেন।
