ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক হবে, নয়তো লিওনেল মেসি তার বাঁ পায়ের জাদু দেখাবেন। তাতে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা জয় নিয়ে মাঠ ছাড়বে। আর সমর্থকরা ভোরবেলা ঘুমানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেবেন, ‘আমার রাত জাগা তারা।’
তবে সময়ের প্রয়োজনে আজ সেই মেসি ও রোনালদোর কেউই নেই স্পেনে। তাদের পায়ের চিহ্ন আর পড়ে না ক্যাম্প ন্যু কিংবা মাদ্রিদে। তাই গত এক দশকে যে পরিমাণ সমর্থক টানতে পেরেছিল ক্লাব দুটি, তাতে পড়েছে ভাটা। শুধু তাই না, সাফল্যের লাগামেও যেন টান পড়েছে।
সাফল্য অনেক গুণগ্রাহী নিয়ে আসে, নিয়ে আসে সমর্থকও। রোনালদো-মেসির টানে এক সময় রিয়াল-বার্সার সমর্থকও বেড়েছিল তরতরিয়ে। বৈশ্বিকভাবে পছন্দের ফুটবল ক্লাব হিসেবে দুই দলই অবস্থান করছিল শীর্ষে। তবে এ দুজনের বিদায়ে সমর্থনেও দেখা গেছে ভাটার টান। মেসির বিদায়ের পর ভাইরাল হওয়া এক মিমে দেখা গেছে, ট্রেনে চড়ে বার্সা সমর্থকেরা ন্যু ক্যাম্প ছাড়ছেন।
ব্লেচার রিপোর্টের একটি প্রতিবেদন জানিয়েছিল, রোনালদোর শেষ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুয়ে গড়ে দর্শক উপস্থিতি ছিল ৬৫ হাজার ৮২৪ জন। রোনালদোকে ছাড়া প্রথম মৌসুমে যা নেমে আসে ৬২ হাজার ৫০০ জনে। মাঠের দর্শকের মতো বিশ্বজুড়ে দুই দলে সমর্থকের সংখ্যাও এমন কমেছে বলে অনুমান করাই যায়।
