পারস্পরিক ব্যবসা ও বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন খাতে সহযোগিতা স্থাপনের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আফ্রিকার দেশ নাইজেরিয়া। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিদের মাল্টিসেক্টরাল বিনিয়োগ সম্পর্কিত সভায় এ আগ্রহ প্রকাশ করেন তারা।
সভায় বিডার পরিচালক মো. আরিফুল হক, ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট অ্যানমপ অপরচুনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য সেবার হালনাগাদ চিত্র তুলে ধরেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, প্রতিটি খাতে অভূতপূর্ণ উন্নয়ন বাংলাদেশকে এখন বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করেছে। আমাদের রয়েছে বিশাল ডোমেস্টিক মার্কেট এবং তারুণ্য শক্তি, যা বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি কাক্সিক্ষত। বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য খাতে সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান।
এ সময় নাইজেরিয়ার রাষ্ট্রদূত আকিনরেমি বোলাজি বলেন, গত এক যুগে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো, বাংলাদেশের ক্রমাগত এই অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে চায় নাইজেরিয়া। এজন্য বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ১১ সদ্যসের প্রতিনিধিদল বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন খাতে সহযোগিতা স্থাপনের সম্ভাবনার ব্যাপারগুলো পর্যালোচনা করছে।
