ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়ার (গোলাপ) বিরুদ্ধে যদি দুর্নীতির কিছু থাকে, তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখবে। দুদক তার বিরুদ্ধে মামলা করবে। এ ক্ষেত্রে ইসির কিছু করার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গতকাল রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মো. আবদুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন।
সোবহান মিয়া (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন বলে জানিয়েছে, অনুসন্ধানী সাংবাদিকদের বৈশি^ক নেটওয়ার্ক ‘অরগানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বা ওসিসিআরপি। গত শুক্রবার তাদের ওয়েবসাইটে করা একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। তবে নির্বাচনী হলফনামায় এসব তিনি উল্লেখ করেননি।
মো. আলমগীর বলেন, ইসির কাজ প্রার্থী যে হলফনামা দেবেন, সেটি প্রকাশ করা। হলফনামার তথ্য যাচাই-বাছাই করার ক্ষমতা ইসিকে দেওয়া হয়নি। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কেউ চ্যালেঞ্জ করলে ইসি তা যাচাই-বাছাই করে দেখবে। যাচাই-বাছাইয়ে যদি প্রমাণিত হয়, তাহলে তার মনোনয়নপত্র বাতিল হবে। এটুকু ক্ষমতা ইসির আছে। এরপর যদি হয়, তাহলে প্রতারণা করেছেন, প্রতারণার মামলা হবে। এই ধারার শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে আদালত। আদালত ব্যবস্থা নিয়ে জানালে ইসি ব্যবস্থা নেবে।
তিনি বলেন, কেউ ভুল বা মিথ্যা তথ্য দিলে নির্বাচনের আগে সেটা কেউ চ্যালেঞ্জ করলে, কমিশন তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে পারে। তবে কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পর এ বিষয়ে ইসির কিছু করার নেই।
এই নির্বাচন কমিশনার বলেন, জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন (দুদক) বা আদালত যদি তথ্য গোপনসংক্রান্ত কোনো প্রমাণ ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ইসিকে জানায়, তখন আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন।
আবদুস সোবহানকে নিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, তিনি যদি ট্যাক্স না দিয়ে থাকেন, সম্পদ বিবরণীতে না দেখিয়ে থাকেন, রাজস্ব বোর্ডও এটা (মামলা) করতে পারে। দুদক করতে পারে। সে মামলার শাস্তি অনুযায়ী পরে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সংসদ সদস্য পদ হারানোর জন্য যে বিষয়গুলো আছে সেটা যদি হয়, তাহলে তার আগে কিছু করার নেই।
