এই ব্যস্ত শহরে একটি কাজই সামলানো দায়। সেখানে কেউ কেউ আছেন যারা অনেক কাজের কাজি। তেমনই একজন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয় তার প্রধান পেশা। পাশাপাশি নাচ, ছবি আঁকা ও বই লেখায় ব্যস্ত তিনি। সব ক্ষেত্রেই রয়েছে নতুন খবর। অভিনয়েও রয়েছে বৈচিত্র্য। তিনি একাধারে অভিনয় করছেন সিনেমা, খ- নাটক ও ধারাবাহিক নাটকে। সম্প্রতি একের পর এক নতুন সিনেমায় নাম লিখিয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন। এরইমধ্যে শেষ করেছেন তার বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার কাজ।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র আনজুমের ভূমিকায় দেখা যাবে ভাবনাকে। আর মুক্তি অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা ‘দামপাড়া’। এতে মাহমুদা হক চরিত্রে পর্দায় দেখা যাবে ভাবনাকে।
সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন স্বনামে পরিচিত নাট্যনির্মাতা রায়হান খানের প্রথম সিনেমা ‘এক্সকিউজ মি’তে। এখানে তাকে প্রথমবারের মতো দেখা যাবে চিত্রনায়ক জিয়াউল রোশানের বিপরীতে। এই ছবির শ্যুটিং এ মাসে শুরুর কথা থাকলেও একটু পিছিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নতুন ছবিটির শ্যুটিং শুরু হবে জানালেন ভাবনা। তাই এখন তিনি সময় দিচ্ছেন নাটকে। বছরের প্রথম দিন শ্যুটিং করেন ঈদুুল ফিতরের জন্য নির্মিত একটি খ- নাটকে। মাতিয়া বানু শুকুর স্ক্রিপ্টে নাটকটি পরিচালনা করেছেন রবিউল শিকদার। ‘আঁচল’ নামের এই নাটকে আরও অভিনয় করেছেন সজল। ভাবনা বলেন, ‘আঁচল-এর গল্পটি কিছুটা ওল্ড স্কুল ধাঁচের। এ সময় বিয়ে মানেই প্রেম করে বিয়ে। কিন্তু এই নাটকের পাত্র-পাত্রীর বিয়ে হয় পারিবারিক মতে। যদিও তাদের দুজনের জীবনের ভিন্ন ভিন্ন অতীত রয়েছে। বিয়ের পরই তারা একে অপরকে জানতে শুরু করে, এক ধরনের সম্পর্ক গড়ে উঠতে থাকে।’
এদিকে, ভাবনা বেশ লম্বা সময় পর নতুন ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন। তিনি বলেন, ‘সর্বশেষ ধারাবাহিক নাটকে কাজ করেছি এক বছর আগে। মোস্তফা কামাল রাজের হিটের পর নতুন ধারাবাহিক নাটক করছি। এর নাম ‘সরাসরি সম্প্রচার’। সোহেল রানা ইমনের পরিচালনায় এ ধারাবাহিকে আমার বিপরীতে আছেন মিশু সাব্বির। গত ২ জানুয়ারি থেকে উত্তরায় এর শ্যুটিং শুরু হয়েছে। দুজন কপোত-কপোতীর গল্প এটি। গল্পটি বেশ মজার।’
আমাদের দেশের অভিনয়শিল্পীরা কাজ করতে করতে এক ধরনের গন্ডিতে আটকা পড়েন। যারা হালকা মেজাজের কাজ করেন, তারা শুধু সেটাই করেন। আর যারা সিরিয়াস ধরনের গল্পে কাজ করেন, তাদের শুধু সেটাই করতে দেখা যায়। তবে ভাবনা এদিক থেকে ব্যতিক্রম। তিনি বলেন, ‘আমি অভিনেতা। আমার চোখে ভালো অভিনেতা সেই, যিনি সব ধরনের গল্প ও চরিত্রে নিজেকে দারুণভাবে মেলে ধরতে পারেন। আমি নিজেও সেই চেষ্টা করি। এজন্য সব ধরনের গল্পে আমাকে দেখা যায়। আর যে কাজটাই করি না কেন, পছন্দ হলেই করি। কাজ করার সময় প্রতিটি কাজেই সমান মনোযোগ দিয়ে কাজ করি। এটাই কাজের প্রতি আমার সততা।’
অনেকে বলেন, হালকা মেজাজের গল্পে অভিনয় করা সহজ। এ বিষয়টির সঙ্গেও ভাবনা একমত নন। তিনি বলেন, ‘যিনি ভালো অভিনয় করেন তিনি সব গল্পেই ভালো অভিনয় করেন। তার জন্য তার এক ধরনের প্রস্তুতি থাকে। ফলে গল্পভেদে অভিনয় সহজ-কঠিন এটার কোনো বিষয় নেই।’
অভিনয়ের বাইরে আসছে একুশে বইমেলায় ভাবনা হাজির হবেন তার নতুন বই ‘কাজের মেয়ে’ নিয়ে। ২০২৩ সালের প্রথম দিনে বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। এটি প্রকাশ হবে কিংবদন্তি পাবলিকেশন থেকে। বইয়ের প্রচ্ছদ শেয়ার করে ফেইসবুকে ভাবনা লেখেন, ‘প্রেম যদি প্রতারণা করে শিল্প দেবে আমাকে আশ্রয়, আমার শিল্পের হাত কেড়ে নেয় আছে সাধ্য ...! আমার উপন্যাস কাজের মেয়ে আসছে এই বইমেলায়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন।’
