বাংলাদেশ বিমানবাহিনীর সহকারী বিমানবাহিনীপ্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক গতকাল বৃহস্পতিবার বিমানবাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত দশম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের (এসসিসি) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
সহকারী বিমানবাহিনীপ্রধান (পরিচালন) অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক তাকে স্বাগত জানান। ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে দশম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে সনদপত্র প্রদান করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
