অন্যের প্রতি শ্রদ্ধাবোধ আত্মিক বিকাশের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু অধিকাংশ অভিভাবকই জানেন না কীভাবে শিশুকে শ্রদ্ধাবোধ শেখাতে হবে। লিখেছেন প্যারেন্টিং গবেষক শ্যামল আতিক
শিশুর শ্রদ্ধাবোধ শিক্ষার মূল গাঁথুনিটা শুরু হয় পরিবার থেকে। পরিবারে একে অন্যকে সম্মান করলে খুব সহজেই শিশুদের মধ্যে সঞ্চারিত হয়। একটু খেয়াল করলে দেখবেন, পরিবারের সবাই আস্তে কথা বলে, সেখানে গৃহকর্মী থেকে শুরু করে ছোট শিশুও কোমল কণ্ঠে কথা বলে। আবার উল্টোটাও ঘটে। আসলে শিশুরা উপদেশ শুনে শিখে না, বরং দেখে শিখে। মা-বাবা যদি অন্যকে সম্মান করে, শিশুও অন্যকে সম্মান করতে শিখবে। আমরা যদি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনি, অন্যের কথার মাঝখানে কথা না বলি তাহলে এই গুণ শিশুদের মধ্যে সঞ্চারিত হবে। বয়সে বড়দের যদি আপনি বলে সম্বোধন করি, শিশু এই গুণটি রপ্ত করবে।
তবে কিছু বিষয় শিশুকে স্পষ্ট করে বলতে হবে। যেমন সাক্ষাতে হাসিমুখে কুশল জিজ্ঞেস করা ও হাত মেলানো, বড়দের অগ্রাধিকার দেওয়া, মেহমান বাড়িতে এলে বসতে বলা, কাউকে কটু কথা না বলা এগুলো শিশুকে স্পষ্ট করে বলতে হবে। তার আগে জানতে হবে শিশু এ বিষয়গুলো বুঝে কি না? যদি না বুঝে তাহলে আপনি নিজে এগুলো চর্চা করুন, আপনাকে দেখেই শিশু শিখবে। যদি বুঝে, তাহলে তা তাকে বলতে পারেন। তবে কোনোভাবেই জোরজবরদস্তি, বকাবকি কিংবা প্রহার করা যাবে না। ছোট হলেও শিশুকে সম্মান করতে হয়। কারণ সম্মান পেলে শিশুর মধ্যে আত্মমর্যাদা ও আত্মসম্মানবোধ তৈরি হয়। শিশুও অন্যকে সম্মান করতে শিখে। তাই দেখা হলে শিশুকে সালাম অথবা অভিবাদন দিন। আপনার পক্ষ থেকে কোনো ভুল হলে শিশুকে দুঃখিত বলুন। শিশু কোনো সহযোগিতা করলে ‘ধন্যবাদ’ জানান। আস্তে আস্তে এই গুণ শিশুর মধ্যেও সঞ্চারিত হবে। শিশু ভুল করলে সবার সামনে তিরস্কার করা যাবে না। বিশেষ করে তার বন্ধুদের সামনে কোনোভাবেই নয়। যদি শাসন করতেই হয়, তা করতে হবে আড়ালে ডেকে। শিশুর ব্যক্তিগত ব্যাপারেও আমাদের শ্রদ্ধা করতে জানতে হবে। যেমন শিশুর ডায়েরি না পড়া, বাথরুমে ঢোকার আগে শিশুর অনুমতি নেওয়া ইত্যাদি।
এ ছাড়া শিশুর মধ্যে যদি অন্যকে সম্মান করার গুণ থাকে তা তাকে ধরিয়ে দিন। যখন সে কাউকে শ্রদ্ধা কিংবা সহযোগিতা করে, এর জন্য তাকে প্রশংসা করুন, মাঝেমধ্যে পুরস্কৃত করুন। এই গুণগুলো যে শিশুর মধ্যে আছে তা তাকে বারবার বলুন। যদি এই বিষয়গুলো পালন করতে পারেন, তাহলে আশা করা যায়, আপনার শিশু পারস্পরিক আদব ও অন্যের প্রতি শ্রদ্ধাশীলতার গুণ নিয়ে বেড়ে উঠবে।
