বার্সেলোনায় গ্রেপ্তার আলভেজ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০২:৫৮ এএম

যৌন হয়রানির অভিযোগে স্পেনে শুক্রবার গ্রেপ্তার হয়েছেন ইতিহাসের অন্যতম ফুটবলার ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ। ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে যান। সেখানেই বন্ধুদের সঙ্গে নাচতে যাওয়া এক নারীর গায়ে হাত দেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেপ্তার হন এই বার্সেলোনা কিংবদন্তি। বার্সোলনার আইন অনুযায়ী এ ধরনের অভিযোগের ক্ষেত্রে জামিনও পাবেন না আলভেজ। পালিয়ে যেতে পারেন, এ ভাবনা থেকে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে। তবে আলভেজ শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করেছেন। ‘আমি সেদিন নাচছিলাম এবং কারও ক্ষতি না করে ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না, এই নারী কে? একজন নারীর সঙ্গে আমি কীভাবে এমনটা করতে পারি? নাহ্।’  স্বামীর পাশে দাঁড়িয়েছেন আলভেজের মডেল-অভিনেত্রী স্ত্রী জোয়ানা সাঞ্জ, ‘আমি আমার স্বামীকে চিনি। কীভাবে সাক্ষাৎ হয়েছে, সেটাও জানি। সে অন্যদের কতটা সম্মান করে, তা-ও জানি। কারণ, আমার সঙ্গে পরিচয়ের মুহূর্তে সে আমাকে অসম্মান করেনি। নারীরা কীভাবে তার দিকে এগোয়, সেটা কিন্তু আমিও দেখেছি। তারা যদি আমার সামনেই এমন করতে পারে, তাহলে আমার অনুপস্থিতিতে কী করে, তা ভাবতেও চাই না।’

ক্যারিয়ারে আলভেজ সেভিয়া, বার্সেলোনা, পিএসজি, জুভেন্তাসের মতো ইউরোপিয়ান ক্লাবে খেলেছেন। বার্সেলোনার হয়ে সর্বাধিক ৪০৮ ক্লাব ম্যাচ খেলা আলভেজ ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ৪৭টি শিরোপা জিতেছেন। গত বছরের জুলাইয়ে পুমাসের হয়ে অভিষেক হয় আলভেজের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত