মশার উৎপাত থেকে রাজধানীবাসীকে রক্ষায় যে পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে তা ভুল বলে উপলব্ধি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামি শহরে গিয়ে মশানিধন কার্যক্রম দেখে তার এই উপলব্ধি হয়েছে। সেখানে মশা মারার যে পদ্ধতি শিখেছেন, সেই অভিজ্ঞতা ডিএনসিসিতে কাজে লাগাতে চান তিনি। এ বিষয়ে মেয়রের ভাষ্য তুলে ধরে গতকাল শনিবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ।
মেয়র আতিকুল ইসলামকে উদ্ধৃত করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা এত দিন ভুল পদ্ধতি ব্যবহার করেছি। তাতে মশা তো ধ্বংস হয়নি; বরং অর্থের অপচয় হয়েছে। তাই অতিদ্রুত ডিএনসিসিতে মশার প্রজাতি চিহ্নিত করতে একটি ল্যাব স্থাপন করতে চাই।’
যুক্তরাষ্ট্র সরকারের আয়োজনে দেশটির ডিপার্টমেন্ট অব কমার্সের কমার্শিয়াল ল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (সিএলডিপি) আমন্ত্রণ ও অর্থায়নে ডিএনসিসির একটি প্রতিনিধিদল ফ্লোরিডা সফর করছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মেয়র আতিকুল।
গত শুক্রবার স্থানীয় সময় সকালে ফিল্ড ভিজিট ও কর্মশালায় তথ্য-উপাত্ত তুলে ধরার মাধ্যমে ডিএনসিসি প্রতিনিধিদলকে হাতে-কলমে মশা মারার পদ্ধতি শিখিয়ে দেয় মিয়ামি ডেড কাউন্টি কর্র্তৃপক্ষ।
ডিএনসিসি মেয়র বলেন, ‘মিয়ামি থেকে যে জ্ঞান অর্জিত হয়েছে, সেটির সফল বাস্তবায়নের মাধ্যমে ডিএনসিসিকে মশামুক্ত রাখতে চাই। যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাদের সিডিসির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের দেশের কীটতত্ত্ববিদদের নিয়ে একটি সভার আয়োজন করব। তারা এলে কীভাবে সফলভাবে ঢাকায় প্রয়োগ করা যায় তার কর্মপদ্ধতি ঠিক করা হবে।’
এ প্রসঙ্গে আতিকুল ইসলাম আরও বলেন, ‘প্রয়োজনে কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ করে তাদের ল্যাবেই মশার জীবন-প্রকৃতি নির্ণয়ে কাজ করা যেতে পারে। আর ফগিংয়ে অর্থ অপচয় না করে লার্বিসাইডিংয়ে মনোযোগী হতে হবে। আমরা দেখেছি মিয়ামি আর ঢাকার আবহাওয়া এবং মশার ধরন একই। তাই তারা সফল হলে অবশ্যই আমরা সফল হব। এখন আর পিছিয়ে থাকার সময় নেই। উন্নত দেশ ও তাদের পদ্ধতি অনুসরণ করতে পারলে ঢাকাকেও মশামুক্ত করা সম্ভব।’
মশা নিয়ন্ত্রণ নিয়ে দিনব্যাপী কর্মশালা ও ফিল্ড পরিদর্শনে সহায়তা করেন দেশটির ডিপার্টমেন্ট অব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অপারেশন ম্যানেজার উসিক উনলু ও পরিচালক ড. উইলিয়াম ডি পেট্রি।
