সকাল ১০টা। সাউন্ড সিস্টেমে বেজে ওঠে সুর। এরপরই কালো গাউন ও টুপি পরা ৩০০ শিক্ষার্থী সারিবদ্ধভাবে মিলনায়তনে প্রবেশ করেন। শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকরা দাঁড়িয়ে তুমুল করতালির মাধ্যমে তাদের বরণ করে নেন। মিলনায়তনের দুই পাশে থাকা নির্ধারিত আসনে বসেন স্নাতক উত্তীর্ণ এই শিক্ষার্থীরা। এরপর একদল শিক্ষার্থী স্টেজের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাংলাদেশসহ ১৮টি দেশের জাতীয় সংগীত গেয়ে শোনান।
গতকাল শনিবার সকালে নগরের বায়েজিদ আরেফিন নগরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠান শুরুর দৃশ্যটি ছিল এ রকমই।
অনুষ্ঠানে অতিথিরা বলেছেন, নারীশিক্ষায় অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি এ অঞ্চলের নারীদের উচ্চ শিক্ষা অর্জনে দারুণ সুযোগ তৈরি করেছে।
এতে সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের চ্যান্সেলর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী চেরি ব্লেয়ার। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী পল নায়রুপ রাসমুসেন। সমাবর্তনে বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিট ফর উইমেন’র ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামাল আহমেদ, ইউনিভার্সিটি অব গোটিনজেনের অধ্যাপক রুপা বিশ^নাথ, এইউডব্লিউর কো-ফাউন্ডার জ্যাক মায়েরসহ দেশ বিদেশের স্কলাররা।
স্মারক বক্তা ছিলেন মার্কিন নাগরিক নিউইয়র্ক ইউনিভার্সিটির প্রসিডেন্ট ইমেরিটাস জন সেংটন।
সমাবর্তন উপলক্ষে পাঠানো যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অব স্টেট এবং ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্যাট্রন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি লরা বুশের বিশেষ বার্তা পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক সুনীল অমৃত ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এ.ইউ.ডব্লিউ) অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ১৯টি দেশের ৩০০ শিক্ষার্থীকে এবারের সমাবর্তনে গ্র্যাজুয়েট সনদ দেওয়া হয়।
পাশাপাশি ৬ জনকে ‘এনডি মাতসুই’ পুরস্কার দেওয়া হয়। জাতীয় সংসদের মাধ্যমে চার্টারপ্রাপ্ত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ২০০৮ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের ১৯টি দেশের ৯০০ জনের বেশি নারী শিক্ষার্থী এ বিশ^বিদ্যালয়ে অধ্যয়ন করছে। দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, সেনেগাল, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনাম ও ইয়েমেন।
