একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসের মালিক রোহিত শর্মা। একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে তিনটি ডাবল সেঞ্চুরি আছে তার। সেই বনেদি ক্লাবে সম্প্রতি নাম লিখিয়েছেন রোহিতের নতুন উদ্বোধনী সঙ্গী শুভমান গিল। রোহিত নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ২৬ বছর বয়সে। গিল একই কীর্তি গড়েছেন ২৩–এ।
ভারতের এমন দাপুটে তাদের প্রশংসায় ভাসাচ্ছেন খোদ রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ ভারতের নতুন উদ্বোধনী জুটির প্রশংসা করতে গিয়ে গিলকে রোহিতের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, ‘আমার চোখে শুভমান গিল একজন মিনি রোহিত শর্মা। সম্প্রতি সে ডাবল সেঞ্চুরি করেছে ও দারুণ খেলছে।’
সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে থাকায় রমিজ গিলের কাছ থেকে আরও বড় কিছুর প্রত্যাশা করছেন, ‘সে যথেষ্ট সম্ভাবনাময়। হাতে পর্যাপ্ত সময় আছে। এই মুহূর্তে ওর কোনো কিছুই পরিবর্তনের দরকার নেই। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিং-আগ্রাসনের উন্নতি হবে।’
রোহিতেরও স্তুতি গাইতে কুণ্ঠা বোধ করেননি রমিজ, ‘ভারতীয় দলকে দেখলে মনে হয়, ব্যাটিং কত সহজ। কারণ, ওদের দলে রোহিত শর্মার মতো অসাধারণ ব্যাটসম্যান আছে। সে চমকপ্রদ সব হুক ও পুল শট খেলে। ছোট লক্ষ্য তাড়া করা তাই আরও মামুলি ব্যাপার মনে হয়েছে।’
