অবশেষে হাসল সৌম্যের ব্যাট

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০৮:৫৫ পিএম

সৌম্য সরকারকে গ্রাস করা কালো মেঘ যেন দূরে চলে গেল এক লহমায়। বলা ভালো, একটি ইনিংসেই। চলতি বিপিএলে প্রবল রান খরায় ভোগা তার ব্যাট অবশেষে হেসে উঠল। এই ব্যাটসম্যান পেলেন রানের দেখা। যেন দু’দন্ড স্বস্তির নিশ্বাস ফেলার ফুরসৎ পেলেন তিনি।

বিপিএলের নবম আসরে সৌম্য খেলছেন ঢাকা ডমিনেটরসের হয়ে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেলেও, দল প্রতিদিনই আস্থা রেখেছে তার ওপর। প্রতিবারই তিনি করেছেন হতাশ। ৭ ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৪২ রান। তাতে দলও ভুগছে জয় খরায়।

তবে অষ্টম ম্যাচে ঢাকা ডমিনেটরসের হয়ে পেলেন প্রথম অর্ধশত রানের দেখা। খুলনা টাইগার্সের বোলারদের ঘূর্ণিতে যখন পিস্ট হচ্ছিলেন তার সতীর্থরা। তখন একপ্রান্ত আগলে রেখেছিলেন সৌম্য। ৪৫ বল খেলে ২ ছক্কা আর ৬ চারে করেছেন ৫৭ রান। যদিও তার এই ইনিংস শুধু দলের রান বাড়াতে সাহায্য করেছে। কিন্তু যোগ্য কোনো সঙ্গী না থাকায় লড়াকু সংগ্রহ পায়নি ঢাকা। তারা গুটিয়ে গেছে ১০৮ রানেই।

এই সংস্করণে চার বছর আগে কুমিল্লা ওয়ারিওর্সের জার্সি গায়ে ৪৮ বলে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত