সুইডেনে তুরস্কের দূতাবাসের কাছে কোরআন পোড়ানো ও বিক্ষোভের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আঙ্কারা। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ‘এ ঘটনার পর ন্যাটোর সদস্য পদের জন্য তুরস্কের সমর্থন আশা করা সুইডেনের উচিত হবে না। আপনারা যদি সন্ত্রাসী সংগঠনের সদস্য ও ইসলামের শত্রুদের এত ভালোবাসেন, তাহলে দেশের নিরাপত্তার জন্যও তাদের কাছেই সমর্থন চান।’ গত সোমবার মন্ত্রিসভার এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এরদোয়ানের এমন মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম। পরে এক লিখিত বিবৃতিতে রয়টার্সকে তিনি বলেছেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট ঠিক কী বলেছেন সেটা তিনি বুঝতে চান। তবে ন্যাটোর সদস্য পদ নিয়ে আঙ্কারার সঙ্গে সুইডেন ও ফিনল্যান্ডের মধ্যে পারস্পরিক সমঝোতাকে সম্মান করবে স্টকহোম।’ ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ২০২২ সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। কিন্তু নিয়ম অনুযায়ী, নতুন সদস্য গ্রহণের সিদ্ধান্তটি সর্বসম্মতভাবে নিতে হয়। অর্থাৎ বিদ্যমান সদস্যদের সবার সম্মতির ভিত্তিতেই শুধু এ জোটে নতুন কোনো সদস্য অন্তর্ভুক্ত করা যায়।
×
